এস এম বাবু ( বাগেরহাট থেকে ) আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাগেরহাট-১ আসনে জমে উঠেছে রাজনৈতিক মাঠ। স্থানীয় রাজনৈতিক মহল ও ভোটারদের আলোচনায় স্পষ্ট—এ আসনে ত্রিমুখী লড়াই হতে যাচ্ছে।
বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে মাঠে রয়েছেন কপিল কৃষ্ণ মণ্ডল। দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা ও তৃণমূল পর্যায়ে সক্রিয় উপস্থিতির কারণে তিনি এ আসনে শক্ত অবস্থান তৈরি করেছেন বলে মনে করছেন বিশ্লেষকরা।
অন্যদিকে, স্বতন্ত্র প্রার্থী হিসেবে আলোচনায় আছেন এইচ এম সেলিম (ঘোড়া প্রতীক)। তার ব্যক্তিগত জনপ্রিয়তা ও এলাকাভিত্তিক কর্মকাণ্ড তাকে ভোটের সমীকরণে গুরুত্বপূর্ণ করে তুলেছে।
এছাড়া জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনী দৌড়ে আছেন অধ্যক্ষ মশিউর রহমান। সংগঠিত কর্মীসমর্থন ও ধারাবাহিক রাজনৈতিক তৎপরতার কারণে তিনিও প্রতিদ্বন্দ্বিতায় শক্ত চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছেন।
সব মিলিয়ে বাগেরহাট-১ আসনে ভোটের মাঠে উত্তাপ বাড়ছে। কে হাসবে শেষ হাসি—তা জানতে এখন অপেক্ষা শুধু ভোটের দিনের।